আনোয়ারায় ভোট বর্জনের ঘোষণা বিএনপি প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে ১০টা। আনোয়ারা উপজেলার বরুমছড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা। ভোটকেন্দ্রে ঢোকার আগেই বিএনপি-সমর্থিত ভোটাররা অভিযোগ করেন, ‘ভাই, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন প্রকাশ্যে ভোট দিচ্ছে। বিএনপি সমর্থকদের ভোট দিতে দিচ্ছে না।’
কেন্দ্রে ঢোকার আগে কথা হয় পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়। তারা আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এরপর কেন্দ্রের একটি ভোটকক্ষে গিয়ে দেখা যায়, ফরিদুল নামের আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক কক্ষের ভেতরে নারী ভোটারদের ব্যালট পেপার ঠিক করে দিচ্ছেন। ‘আপনি এখানে কেন?’ জানতে চাইলে ফরিদুল বলেন, ‘আমি আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট। মহিলারা ঠিকমতো ভোট দিতে পারছে না। তাই তাদের দেখিয়ে দিচ্ছি। জোর করছি না।’
প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল গফুর অবশ্য দাবি করেন, কেন্দ্রে সব ঠিক আছে। যা হচ্ছে কেন্দ্রের বাইরে হচ্ছে। এই কেন্দ্র থেকে বের হওয়ার পর দূর থেকে দেখা যায়, কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে আবার হাতাহাতির ঘটনা ঘটছে। এ সময় খবর আসে, খাস খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই কেন্দ্রে দুপুর একটায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কাউকে পাওয়া যায়নি।
প্রিসাইডিং অফিসার মো. হোসেন ফারুকী বলেন, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে ১৫ মিনিট ভোট বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ভোট গ্রহণ শুরু হয়। তখন বিএনপির কেউ আসেনি।
এভাবে বড়ইকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়, বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র, চাতরী বহুমুখী উচ্চবিদ্যালয়সহ অনেকগুলো কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন নিজেদের নিয়ন্ত্রণে নিতে দেখা যায়। ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে বেলা আড়াইটায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন আহমেদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন আহমেদ অভিযোগ করেন, দুপুর ১২টার মধ্যে ৬৬টি কেন্দ্রের মধ্যে ২৭টি পুরোপুরি দখল করে নিয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তৌহিদুল হক চৌধুরীর লোকজন। এসব কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে তারা। এ জন্য নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি করেন তিনি। অবশ্য পরে তিনি এজেন্টদের বের হয়ে আসার নির্দেশ দেন। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তৌহিদুল হক চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, বিএনপি-সমর্থিত প্রার্থীরা কেন্দ্রে হামলা করে ব্যালট বাক্স ছিনিয়ে নিতে চেষ্টা করেছে। সেটা করতে না পেরে তারা এখন নানা অভিযোগ করছে। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ ফরিদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘যেসব কেন্দ্রে অসুবিধার খবর পেয়েছি, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি বলেন, নির্বাচন চলাকালীন বর্জন করার আইনগত কোনো ভিত্তি নেই। বাঁশখালীতে মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। দু-একটি কেন্দ্রের বাইরে সামান্য উত্তেজনা থাকলেও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।