আনোয়ারায় সংঘর্ষের ঘটনায় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কেইপিজেড) শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে। এতে ছয় হাজার জনকে আসামি করা হয়।
একই ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহম্মদের নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী পরিষদ কার্যালয়ে কারখানা কর্তৃপক্ষ, কেইপিজেড এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্ষতিগ্রস্ত পক্ষ ও পুলিশের উপস্থিতিতে একটি যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেইপিজেডে বেতন-ভাতা নিয়ে অসন্তোষকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষ শুরু হয়। এতে পারভিন আক্তার নামের এক নারী শ্রমিক নিহত হন।
এ ঘটনায় কর্ণফুলী থানার উপপরিদর্শক মো. সাইফুজ্জামান বাদী হয়ে মামলা করেন। এতে ছয় হাজার অজ্ঞাতনামা নারী-পুরুষকে আসামি করা হয়।
ঘটনার পর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও। জানতে চাইলে ইউএনও সেখ ফরিদ আহম্মদ বলেন, ‘পারভিনের পরিবারকে ছয় লাখ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি আহতদের চিকিৎসা খরচ দেবে কারখানা কর্তৃপক্ষ।’