আনোয়ারায় সওজের তিন সড়কই বেহাল
সংস্কার না হওয়ায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তিনটি সড়ক বেহাল হয়ে পড়েছে। আর এতে ওই তিন সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-আনোয়ারা সড়কের দুই কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। ওই অংশের সড়কের একাংশ খালের ভাঙনের কবলে পড়েছে। পাশাপাশি সড়কের বেশ কিছু জায়গায় কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
উপজেলার অন্যতম প্রধান সড়ক জয়কালী হাট-মুরালী-ছত্তারহাট সড়কটিও বন্ধ হয়ে আছে এক বছরের বেশি সময় ধরে। এটি বাস চলাচলের রাস্তা হলেও সড়কের কার্পেটিং উঠে যাওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ইন্দ্রপুল সেতু। ফলে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী যাত্রীদের আট কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
এ ছাড়া, উপজেলার বটতলী-জুঁইদন্ডীর শাহ মোহছেন আউলিয়া সড়কের গোদারগোড়া ও লামারবাজার এলাকা শঙ্খের ভাঙনের কবলে পড়েছে। ফলে ঝুঁকির মুখে আছে এই সড়ক। এটি বন্ধ হয়ে গেলে আনোয়ারা ও শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়বে জুঁইদন্ডী ইউনিয়নের।
জানতে চাইলে পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম-আনোয়ারা সড়ক দিয়ে যান চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। ভয়ে থাকতে হয়, কখন গাড়ি খালে পড়ে যায়।’ এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা মুরালী-ছত্তারহাট সড়কটি চালুর দাবিও করেন তিনি।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম-আনোয়ারা সড়কের ঝুঁকির্পূর্ণ অংশটি মেরামতের জন্য সাড়ে আট কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মুরালী-ছত্তারহাট ও শাহ মোহছেন আউলিয়া সড়কের প্রাক্কলন ব্যয় পাঠানো হয়েছে। শিগগিরই সড়কগুলোর সংস্কারকাজ শুরু হবে।