চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নুরুল আজিজ জিহাদ (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে। উপজেলার বারখাইন ইউনিয়নের সরকারহাট নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সরকারহাট নামক স্থানে গতকাল বেলা একটার দিকে চট্টগ্রামগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় স্কুলছাত্র জিহাদ। সে উপজেলার বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা তৈলারদ্বীপের সরকারহাট এলাকার বাসিন্দা নুরুল আমিন। জিহাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা সরকারহাট, তৈলারদ্বীপ সেতু, বরুমচড়া রাস্তার মাথা, চেয়ারম্যানঘাটাসহ কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর করে। এ সময় বাঁশখালী স্পেশাল সার্ভিসের অন্তত সাতটি বাসসহ বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। ওই এলাকায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। বাসের চালক আশরাফ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত গাড়িগুলো মালিকপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।