আনোয়ারুল হক ন্যায়বিচারক ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারুল হক
আনোয়ারুল হক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক ন্যায়বিচারক বিচারক ছিলেন। তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। নিষ্ঠার সঙ্গে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। তাঁর সততা প্রশ্নাতীত। তিনি ছিলেন মেধাবী ও পরিশ্রমী।

আজ রোববার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত বিচারপতি আনোয়ারুল হকের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ আইন সমিতি। বিচারপতি আনোয়ারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।

আনোয়ারুল হক ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ১৩ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। আনোয়ারুল হক ১৯৫৬ সালের ১ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর ২০১২ সালের ১০ ডিসেম্বর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১২ সালের ২৫ মার্চ আনোয়ারুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হন। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন।

স্মরণসভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ হওয়ায় তিনি যোগ দিতে পারেননি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা বলেন, একজন বিচারক হওয়ার জন্য যত গুণ থাকার দরকার, এর সবই ছিল আনোয়ারুলের। তিনি জ্যেষ্ঠদের সম্মান করতেন। ভালো রায় লিখতেন।

আপিল বিভাগের অপর বিচারপতি মির্জা হোসেইন হায়দার আনোয়ারুল হক সম্পর্কে বলেন, সব সময় ন্যায়বিচার করার বোধ ছিল তাঁর ভেতর। তাঁর মধ্যে ছিল দায়িত্ববোধ। তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আনোয়ারুল হকের সততা ছিল প্রশ্নাতীত।

স্মরণসভায় হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী, বিচারপতি এ এন এম বসির উল্লাহ, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী মোল্লা মো. আবু কাওছার প্রমুখ বক্তব্য দেন। স্মরণসভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।