আনোয়ারের পরাজয়ের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সদ্যসাবেক সাংসদ আনোয়ার হোসেনের পরাজয়ে স্বস্তি প্রকাশ করেছেন দলের বঞ্চিত নেতা-কর্মীরা। দুর্নীতি, মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত কর্মকাণ্ড, দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন ও চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় তিনি পরাজিত হয়েছেন বলে নেতা-কর্মীরা মনে করছেন।
তবে আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, দলের নেতা-কর্মীদের একটি পক্ষের বিরোধিতার কারণে তিনি হেরেছেন।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ বলেন, ‘আনোয়ারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ গণপতি হালদারকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়াসহ গণহত্যার অভিযোগ রয়েছে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে আনোয়ারের বিরুদ্ধে গণমাধ্যমে যুদ্ধাপরাধের অভিযোগে প্রতিবেদন প্রচারিত হলে মানুষের কাছে আমাদের বিব্রত হতে হয়েছে। এ কারণে আওয়ামী লীগের একটি পক্ষ তাঁকে ভোট দেয়নি। তাঁর এই পরাজয়ে আওয়ামী লীগ কলঙ্কমুক্ত হলো।’
অনুসন্ধানে জানা গেছে, ২০০৪ সালে আনোয়ার হোসেন আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে তিনি জাতীয় পার্টি করতেন। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর আনোয়ারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণপতি হালদারকে হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগে একটি প্রচারপত্র মঠবাড়িয়ায় বিলি করা হয়। ওই প্রচারপত্রে লেখক সাঈদ বাহাদুরের গণহত্যা ও বধ্যভূমি ’৭১ বইয়ের ‘মঠবাড়িয়ায় গণহত্যা’ শিরোনামে একটি লেখার উদ্ধৃতি দেওয়া ছিল। জাতীয় সংসদ নির্বাচনের পর সুজনের তৎকালীন সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ এক সংবাদ সমেঞ্চলনে আওয়ামী লীগের সাংসদ আনোয়ার হোসেন ও বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেন। সে সময় আনোয়ারকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ ছাড়া ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর গুলিতে নিহত সুধাংশু হালদারের স্ত্রী কনক বালা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্থানীয় রাজাকার কমান্ডার ইস্কান্দার আলী মৃধাকে প্রধান আসামি করে অভিযোগ করেন। ওই অভিযোগপত্রে আনোয়ার হোসেনকে ৮ নম্বর আসামি করা হয়।
জানতে চাইলে মানবতাবিরোধী অপরাধের তদন্ত সংস্থার সদস্য জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, আনোয়ারের বিরুদ্ধে করা অভিযোগটি তাঁর কাছে আছে। অভিযোগটি তদন্তাধীন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহীন বলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে অদক্ষতা, নেতা-কর্মীদের অবহেলা, টিআর-কাবিখা কর্মসূচিতে অনিয়ম, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্যসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি চিহ্নিত রাজাকারদের দিয়ে নির্বাচন পরিচালনা করায় দলের একটি পক্ষ ও স্বাধীনতার সপক্ষের লোকজন স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা রুস্তম আলী ফরাজীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আফজাল হোসেন বলেন, ‘আমরা আনোয়ার হোসেনকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা করেছি। তবে সাংসদের মুক্তিযুদ্ধবিরোধী পরিচয় ও দুর্নীতির অভিযোগের কারণে তিনি পরাজিত হয়েছেন।’