আনোয়ারের সেই রক্তমাখা শার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় আনোয়ারের পরা শার্টটি দেখাচ্ছেন তার মা মনোয়ারা খাতুন l প্রথম আলো
পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় আনোয়ারের পরা শার্টটি দেখাচ্ছেন তার মা মনোয়ারা খাতুন l প্রথম আলো

১২ বছরের বালক আনোয়ারের সেই রক্তমাখা শার্ট পরিষ্কার-পরিচ্ছন্ন করে মা সযত্নে তুলে রাখেন বাক্সে। যখন ছেলের কথা মনে পড়ে, তখন আর নিজেকে ধরে রাখতে পারেন না। শার্টটি বাক্স থেকে বের করে পরম মমতায় ছুঁয়ে দেখেন। বুকে চেপে ধরেন। মুখমণ্ডলে জড়ান। চুমু দিয়ে চোখের জল ফেলেন। অশান্ত মনটাকে কিছুটা সান্ত্বনা দেন। মা-বাবার কাছে আনোয়ারের স্মৃতির অমূল্য স্মারক হয়ে আছে শার্টটি।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের জায়গির গ্রামে আনোয়ারের বাবা মাইনুল ইসলামের বাড়িতে গিয়ে শার্টটির কথা জিজ্ঞেস করলে তিনি এসব কথা জানান। ১১ বছর আগে ‘আনোয়ারের রক্তমাখা শার্ট’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন লিখে এমনটাই ঘটবে বলে মন্তব্য করেছিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
২০০৬ সালে রক্তঝরা কানসাট বিদ্যুৎ আন্দোলন চলাকালে ৪ এপ্রিল পুলিশের গুলি পঞ্চম শ্রেণিতে পড়ুয়া আনোয়ারের বুক-পিঠ এফোঁড়-ওফোঁড় করেছিল। সেই সময় প্রতিবেদনটি লেখেন জাফর ইকবাল। দিনটি অনেকের স্মৃতিতে ধূসর হয়ে গেলেও মা-বাবার কাছে ‘এই তো সেদিনের কথা’। আনোয়ারের বাড়িতে যাওয়ার পরপরই মা ছলছল চোখে শার্টটি বের করে নিয়ে এসে মেলে ধরেন এ প্রতিবেদকের সামনে। দেখান পুলিশের গুলিতে ছিদ্র হওয়া বুক ও পিঠের স্থান।
মা মনোয়ারা খাতুন বলেন, ‘আনোয়ার বেঁচে থাকলে বাবার সঙ্গে খেতে-খামারে কাজ করে গরিবের সংসারে হাল ধরত। ছেলের কথা মনে পড়ে মনটা যখন অশান্ত হয়, তখন বাক্স থেকে শার্টটি বের করি।’
বাবা মাইনুল ইসলাম বলেন, যে বিদ্যুৎ আন্দোলনের কারণে এতগুলো (১৭ জন) প্রাণ গেল, তার ফল কিন্তু কৃষকের ঘরে ওঠেনি। আন্দোলনে অন্যান্য দাবির সঙ্গে অন্যতম দাবি ছিল চুরি যাওয়া ট্রান্সফরমারের ক্ষতিপূরণ কৃষকের ঘাড়ে চাপবে না। কিন্তু তা হয়নি। বিদ্যুৎ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণে কোনো স্মৃতিসৌধও হয়নি। তাঁদের স্মরণে হয় না কোনো আলোচনাও। নিহত ব্যক্তিদের দরিদ্র পরিবার-পরিজন এখনো দুঃখে-কষ্টে আছে। ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না।