আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরের শেখ কামাল স্টেডিয়াম মাঠে গতকাল সোমবার জেলা পর্যায়ে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন বিষয় ও ইভেন্টে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন এএসপি (সদর সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার।

জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থা থেকে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলে, অনুশীলন ও চর্চা করলে, তারা শারীরিক ও মানসিকভাবে সত্য ও সুন্দরকে ধারণ করতে শিখবে। তাদের এই সুযোগ করে দেওয়া সবার মিলিত দায়িত্ব ও কর্তব্য। এটা করতে পারলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াচর্চার মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের সুযোগ পাবে। ফলে পরবর্তী সময়ে তারা নেতিবাচক বা ক্ষতিকারক কোনো কিছুর সঙ্গে জড়িত হবে না।

পরে বিভিন্ন ইভেন্ট ও বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।