আন্তক্যাডার বৈষম্যের নিরসন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতন স্কেলে আন্তক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখাসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার বিকেলে সমাবেশ করেছে প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক পরিষদ-বিসিএস (প্রকৃচি-বিসিএস) রংপুর বিভাগীয় সমন্বয় কমিটি। রংপুর নগরের পুলিশ কমিউনিটি হলে এ সমাবেশ হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও প্রকৃচি-বিসিএস বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব ও প্রকৃচি-বিসিএস কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সচিব মোবারক আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোছাদ্দেক আলী, রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, রংপুর বিএমএর সদস্য সৈয়দ মামুনুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
কর্মকর্তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত সব পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, উপজেলাকে কার্যকর করতে ইউএনওর কর্তৃত্ব বাতিল করে সংবিধানের আলোকে জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন ইত্যাদি।