আন্তনগর ট্রেন চালুর দাবি পঞ্চগড় নাগরিক কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত অবিলম্বে আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছে পঞ্চগড় নাগরিক কমিটি। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় নাগরিক কমিটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৩০ জানুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় পঞ্চগড় থেকে পাবর্তীপুর পর্যন্ত ১৪২ কিলোমিটার মিটারগেজ রেলপথকে আধুনিকায়ন ও ডুয়েলগেজে রূপান্তরকাজের উদ্বোধন করেন। এতে রেল মন্ত্রণালয় ৯৮২ কোটি টাকা ব্যয় করে। নির্মাণকাজ শেষ হলে পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেন। এ বছরের শুরুর দিকে তা শেষও হয়। গত ৩ আগস্ট পঞ্চগড়ে আন্তনগর ট্রেন চলাচল উদ্বোধন হবে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে খুশি হয় এলাকার মানুষ। কিন্তু পঞ্চগড় রুট উদ্বোধন না করে দিনাজপুর-ঢাকা রুট উদ্বোধন হওয়ায় হতাশ হয় তারা।
সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সভাপতি বশিরুল আলম প্রধান, সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ হান্নান, জেলা নাট্যসমিতির সভাপতি মিজানুর রহমান, নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান প্রমুখ বক্তব্য দেন।