আন্তনগর ট্রেন চালুর দাবিতে ব্যতিক্রমী প্রচার অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নেত্রকোনা রেলপথে আন্তনগর ট্রেন চালু ও ট্রেনে বগি বাড়ানোর দাবিতে এবং টিকিট কেটে ট্রেনে ভ্রমণের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে নেত্রকোনা কোর্ট ও মোহনগঞ্জ রেলস্টেশনে প্রচার অভিযান চালানো হয়।আয়োজকেরা স্টেশনে ও ট্রেনে মাইকে ঘোষণা দিয়ে ‘নিজে টিকিট করি এবং অপরকে টিকিট করতে উৎসাহিত করি’ স্লোগানে নেত্রকোনা কোর্ট স্টেশন থেকে মোহনগঞ্জ স্টেশন পর্যন্ত এ প্রচার অভিযান চালান। নেত্রকোনা কোর্ট স্টেশনে অতিরিক্ত যাত্রী থাকার কারণে আয়োজকদের অনেকেই ট্রেনে উঠতে পারেননি। বেসরকারি সংস্থা জন উদ্যোগ ও এলাকাবাসী এই প্রচার অভিযান ও সভার আয়োজন করে। এই প্রচার অভিযানে পরে সুধীজনও অংশ নেন।নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও জেলা জন উদ্যোগের আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বেসরকারি সংস্থা আইইডির নেত্রকোনা জেলা সমন্বয়কারী তোফাজ্জল হোসেন, মো. শফিকুজ্জামান, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ, সমাজসেবক আলী উসমান খান, বামপন্থী নেতা আনোয়ার হোসেন, তাহমিনা ছাত্তার, জোৎস্না রানী দাস, জহিরুল আলম শেখ, শেখ সারোয়ার জাহান প্রমুখ। এ প্রচার অভিযানে নেত্রকোনা সরকারি কলেজের রোভার স্কাউটের ১২ সদস্যের একটি দল অংশ নেয়।