আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
আন্তনগর নীলসাগরসহ সব ট্রেন চিলাহাটি থেকে চলাচলের দাবিতে গতকাল শুক্রবার নীলফমারীর ডোমার রেলস্টেশনের কাছে মানববন্ধন হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটিতে আসা শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উদ্যোগে বেলা দুইটার দিকে ডোমার রেলস্টেশনের কাছে নীলসাগরসহ সব আন্তনগর ট্রেন চিলাহাটি থেকে চলাচলের দাবিতে মানববন্ধন শুরু হয়। বেলা তিনটার দিকে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ডোমার স্টেশনে ঢোকার মুহূর্তে আন্দোলনকারীরা লাইনের ওপর বসে পড়েন। এতে চালক বাধ্য হয়ে স্টেশনের অদূরে ট্রেনটি থামিয়ে দেন।
গত ১০ জুলাই থেকে আন্তনগর নীলসাগর ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকায় চলাচলের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়। এর অংশ হিসেবে ৮ জুলাই ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত পরীক্ষামূলক যাত্রাও করে। সংরক্ষিত নারী আসনের সাংসদ হামিদা বানু শোভা (আ.লীগ) ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চিলাহাটিতে উদ্বোধন করবেন বলে দলের পক্ষে ডোমার ও চিলাহাটিতে প্রচারণা চালানো হয়। একইভাবে কোনো প্রচারণা না চালালেও ১০ জুলাই চিলাহাটিতে ট্রেনটির উদ্বোধন করার জন্য নীলফামারী-১ আসনের সাংসদ (জাপা) জাফর ইকবাল সিদ্দিকীর চিলাহাটি আসার কথা ছিল। এরপর জাফর ইকবাল রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে জানান, ঈদুল ফিতরের আগে ট্রেনটি চালু হবে। তা হয়নি। পরে প্রতিশ্রুতি দেন, ঈদুল আজহার আগে চালু করা হবে। কিন্তু তা আর হয়নি।