আন্তনগর ট্রেনে টিকিট কাটা যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট পথে আন্তনগর ট্রেনে আসনবিহীন টিকিটধারী এবং টিকিটবিহীন যাত্রী যাতায়াতের কারণে আসনসহ টিকিট কাটা যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অবৈধ আয়ের উদ্দেশ্যে রেলের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী আসনের কয়েক গুণ বেশি টিকিট বিক্রি করে এবং ঘুষ নিয়ে টিকিটবিহীন যাত্রীদের যাতায়াতের সুযোগ করে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-সিলেট পথে জয়ন্তিকা, পারাবত, কালনী ও উপবন এবং চট্টগ্রাম-সিলেট পথে পাহাড়িকা ও উদয়ন নামে মোট ছয়টি আন্তনগর ট্রেন চলাচল করে। এসব ট্রেনের প্রতিটি বগিতে যাত্রী ধরে ৬০ জন।
সিলেট থেকে ঢাকাগামী ট্রেন কালনীতে ৪ সেপ্টেম্বর দুপুরে উঠে দেখা যায়, ট্রেনটি আযমপুর স্টেশনে যাত্রাবিরতি করল। এ সময় হুড়মুড় করে টিকিটবিহীন অসংখ্য মানুষ উঠে পড়েন। ট্রেনটি আরেকটি ট্রেনকে ক্রসিং দিতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থামে। সুযোগ পেয়ে এখানেও অসংখ্য যাত্রী উঠে পড়ে। বগিগুলো ঘুরে দেখা যায়, কোনোটিতে তিল ধারণের জায়গা নেই। একজনের আসনে আরেকজন বসে গেছেন। আবার দুজনের আসনে তিনজন বসা। এ নিয়ে চলছে ঝগড়াঝাঁটি।
কিছুক্ষণ পর ট্রেনটির পরিচালক (টিটি) ফারুক আহমেদ টিকিট দেখতে আসেন। টিকিট না থাকায় যাত্রী মনির হোসেনের কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়া বাবদ ১০০ টাকা ভাড়া দাবি করেন টিটি। কিছুক্ষণ দর কষাকষির পর ওই যাত্রী ১০০ টাকা দিলেও এ বাবদ তাঁকে কোনো ভাউচার বা টিকেট দিলেন না টিটি।
যাত্রী আলাউদ্দিন বলেন, বাড়তি লোক ওঠালে তো রেলের লোকজনেরই লাভ। তাঁদের পকেট ভারী হয়। কাজেই আসন নেওয়া যাত্রীদের ভোগান্তি তাঁরা কেন দেখবেন?
একই দিন রাত সাড়ে নয়টায় চট্টগাম থেকে সিলেটের উদ্দেশে রওনা দেয় উদয়ন। এ ট্রেনের যাত্রী ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা রাশেদা আক্তার প্রথম আলোকে বলেন, ‘সাত দিন আগে টিকিট কেটেছি একটু আরামের যাব বলে। কিন্তু রাতে ট্রেনে এত যাত্রী তোলা হলো যে মনে হচ্ছিল জানালা দিয়ে বাতাস পর্যন্ত ঢুকছে না।’
একই ট্রেনের যাত্রী রাশেদ আহমেদ বলেন, ‘সিলেট পৌঁছার আগেই অতিরিক্ত যাত্রীর চাপে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা যাঁরা টিকিট কেটেছি তাঁরাই যেন সংখ্যালঘু হয়ে পড়লাম। আসনবিহীন ও টিকিটবিহীন যাত্রীদের উৎপাতে আমাদের আসন থেকে উঠে যাওয়ার উপক্রম হয়েছে।’
রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, যাত্রীর তুলনায় রেলের আসনসংখ্যা কম। তাই যাত্রীদের অনুরোধে আসনবিহীন টিকিট দেওয়া হয়। তিনি আরও বলেন, কিছু অসাধু কর্মকর্তা টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টাকা নেন। তাঁদের ব্যাপারে যাত্রীদের সতর্ক হওয়া উচিত।