আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাগামী আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনে গতকাল বৃহস্পতিবার পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের লোকোমাস্টার (চালক) আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনের উত্তর আউট সিগন্যালের মল্লিকার দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। শশীদল রেলস্টেশন সূত্র জানায়, শশীদল রেলস্টেশনে দুপুর দুইটার দিকে চট্রলা এক্সপ্রেস যাত্রাবিরতি করে। ট্রেনটি দুই মিনিট বিরতি দিয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি মল্লিকার দীঘি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করতে থাকে। এ সময় ট্রেনের লোকোমাস্টার নুরুল গুরুতর আহত হন। ট্রেনটি এ স্থান থেকে প্রায় ৪০ মিনিট পরে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় আহত চালক আখাউড়া রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।