আন্তনগর ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে চলাচলকারী ছয়টি আন্তনগর ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের জন্য আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সর্বস্তরের সচেতন ছাত্রসমাজের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের আসনসংখ্যা বাড়ানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ছাত্ররা বক্তব্য দেন।
ছাত্ররা তাঁদের বক্তব্যে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া থেকে আন্তনগর ছয়টি ট্রেনের আসনসংখ্যা কমানোর ঘটনার প্রতিবাদ জানান। আগামী সাত দিনের মধ্যে এসব ট্রেনের আসনসংখ্যা না বাড়ানো হলে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণার হুমকি দেন তাঁরা।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার মো. শোয়েব বলেন, আন্তনগর ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের জন্য প্রায় ৬৫০টি আসন রয়েছে। আসন কমিয়ে দেওয়া হলেও টিকিট বিক্রি আগের মতোই রয়েছে। প্রতিদিন আন্তনগর এসব ট্রেনের আড়াই থেকে তিন হাজার টিকিট বিক্রি হয়।