দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের আসন বাড়ানোর দাবি করেছেন বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।বিরামপুর স্টেশন সূত্রে জানা যায়, এই স্টেশনে ঢাকাগামী আন্তনগর নীলসাগর, একতা ও দ্রুতযান; রাজশাহীগামী বরেন্দ্র ও তিতুমীর এবং খুলনাগামী সীমান্ত ও রূপসা ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হয়। এই স্টেশনের যাত্রীদের জন্য নীলসাগরে ১০টি, একতায় ৩০টি ও দ্রুতযানে ২৫টি আসন বরাদ্দ রয়েছে। এ ছাড়া সীমান্ত ও রূপসা এক্সপ্রেসের জন্য মোট ২৫টি করে এবং বরেন্দ্র ট্রেনের ৫০টি ও তিতুমীর এক্সপ্রেসের জন্য মাত্র ২০টি আসন বরাদ্দ রয়েছে। নেই কোনো প্রথম শ্রেণী বা এসি বাথের বরাদ্দ।স্টেশনমাস্টার আবু সুফিয়ান জানান, ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলোতে শুধু ঢাকার জন্যই আসন বরাদ্দ রয়েছে। কিন্তু মাঝের অনেক গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য আসন বরাদ্দ নেই। খুলনাগামী ট্রেনগুলোতেও পোড়াদহ, ভেড়ামারা, চুয়াডাঙ্গা, সান্তাহার ও নাটোরসহ অনেক গুরুত্বপূর্ণ স্টেশনে যাওয়ার কোনো আসন বরাদ্দ নেই। এসব বাণিজ্যিক এলাকায় অনেক যাত্রী প্রতিদিন যাতায়াত করেন।স্টেশনমাস্টার মো. রফিক চৌধুরী জানান, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও হাকিমপুর—এই তিন উপজেলার কেন্দ্রে অবস্থিত বিরামপুর। নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় রেল যোগাযোগ নেই। হিলি স্টেশনে আন্তনগর ট্রেনের কোনো যাত্রাবিরতি নেই। ফলে এই তিন উপজেলার রেলযাত্রীরা বিরামপুর স্টেশনের মাধ্যমে ট্রেনে যাতায়াত করেন। তাই এখানে আসনের চাহিদা অনেক। প্রতিটি আন্তনগর ট্রেনের জন্য কমপক্ষে ১০০ আসন প্রয়োজন।নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শিবলি সাদিক ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী জানান, ওই দুই উপজেলায় রেল যোগাযোগ না থাকায় ওই সব উপজেলার যাত্রীদের বিরামপুর রেলস্টেশনের মাধ্যমে যাতায়াত করতে হয়। কিন্তু বিরামপুরে টিকিট স্বল্পতার কারণে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়।বিরামপুর উপজেলার চেয়ারম্যান খায়রুল আলম জানান, বিরামপুর স্টেশনের জন্য আন্তনগর ট্রেনের আসন বৃদ্ধির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ করছেন।এ বিষয়ে রেলওয়ের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এস এম মুরাদ হোসেন প্রথম আলোকে জানান, কোনো স্টেশনের আসন বৃদ্ধির ক্ষেত্রে এলাকাবাসীর দাবি ও বরাদ্দকৃত আসনের চেয়ে কী পরিমাণ বেশি টিকিট বিক্রি হয় তা বিবেচনা করা হয়। বিরামপুর স্টেশনের আন্তনগর ট্রেনের আসন বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।