আন্তনগর ট্রেনের দুই চালক বরখাস্ত
রাজশাহী-চিলাহাটি রেলপথে চলাচলকারী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে একটি ঠেলাগাড়ির ধাক্কা লাগায় গতকাল মঙ্গলবার তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। পার্বতীপুর রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠিত হয়েছে। বরখাস্ত হওয়া দুই চালক হলেন কাজী ওয়াহেদুজ্জামান ও আনিছুর রহমান।
বরখাস্ত হওয়া চালক কাজী ওয়াহেদুজ্জামান জানান, গত রোববার বিকেলে চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ধীরগতিতে সৈয়দপুর-খয়রাত নগর স্টেশনের মাঝামাঝি স্থানে এসে পৌঁছালে লাইনটি অতিক্রমকারী বাঁশ বহনকারী একটি ঠেলাগাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনের ইঞ্জিনের তেলের পাইপ ফেটে গিয়ে ট্রেনটি বিকল হয়ে যায়। সন্ধ্যা সাতটার দিকে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনটি উদ্ধার করে পার্বতীপুর নিয়ে যায়। এ ঘটনায় ট্রেনটি চার ঘণ্টা বিলম্ব হয়।
পশ্চিমাঞ্চলীয় রেলের পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন বলেন, ট্রেনটির চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।