আন্তনগর ট্রেনের বিরতির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে আন্তনগর সব ট্রেন থামানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আলোকিত পরিবার উন্নয়ন সংস্থা ও পাঁচবিবি সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় পাঁচবিবি রেলস্টেশনের দুই পাশের প্ল্যাটফর্মে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশার বিপুলসংখ্যক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পাঁচবিবির মহিপুর হাজী মহসিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক, জয়পুরহাট জিয়া কলেজের প্রভাষক মতিউর রহমান, বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি শাহিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, পাঁচবিবি উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী রাজশাহী, খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তা ছাড়া পাঁচবিবি জেলার বৃহত্তম ব্যবসাকেন্দ্র। এ জন্য সব আন্তনগর ট্রেনের বিরতির প্রয়োজন। অবিলম্বে এ ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।