আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
দিনাজপুরের বিরামপুর-ফুলবাড়ীর মধ্যবর্তী স্থানে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে গত শনিবার আগুন ধরে যায়। চালকের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে শত শত যাত্রী মারাত্মক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায়। তিতুমীর এক্সপ্রেস ট্রেনের চালক মিজানুর রহমান জানান, বিরামপুর স্টেশনে যাত্রাবিরতি করে দুপুর ১২টা ২০ মিনিটে ফুলবাড়ীর উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসে। সাড়ে ১২টার দিকে ট্রেনটি দুই স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। চালক ও তাঁর সহকর্মীরা সঙ্গে সঙ্গে ইঞ্জিনে থাকা দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। তবে ঝুঁকির কারণে ইঞ্জিনটি পুনরায় চালু করা হয়নি। পার্বতীপুরের স্টেশনমাস্টার আবদুল করিম জানান, পার্বতীপুর লোকোশেড থেকে আরেকটি ইঞ্জিন (৬৪০৩) পাঠালে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।