আন্তনগর ব্রহ্মপুত্র ট্রেনের আগের সময়সূচি বহালের দাবি
আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ময়মনসিংহ স্টেশনে পৌঁছার বর্তমান সময়সূচি পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহ উন্নয়ন পরিষদ। এর নেতারা গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান। তাঁরা আগের সময়সূচি বহাল করা না হলে ময়মনসিংহ স্টেশনে কাল শুক্রবার থেকে ট্রেনটি অবরোধের ঘোষণা দেন। ময়মনসিংহ রাইফেলস ক্লাবে সংবাদ সম্মেলনে উন্নয়ন পরিষদের নেতা সাদিক হোসেন লিখিত বক্তব্যে বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ৭৪৪ নম্বর আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আগে ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহে এসে পৌঁছাত। এ সময় ট্রেনটি ব্যবহারে নানা সমস্যা হওয়ায় সময়সূচি বদলে সকাল সাড়ে আটটা করা হয়। সুবিধাজনক সময় হওয়ায় গত এক বছরে ময়মনসিংহ স্টেশনে ট্রেনটির যাত্রী এবং এতে সরকারের রাজস্ব আয় বিপুল পরিমাণে বাড়ে। কিন্তু পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত একটি মহল নিজেদের স্বার্থে তদবির করে সম্প্রতি ট্রেনটির সময়সূচি আবারও পরিবর্তন করে ভোর সাড়ে পাঁচটা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা ট্রেনটির আগের সময়সূচি বহাল ও আসনসংখ্যা বৃদ্ধির দাবি জানান। একই সঙ্গে তাঁরা আগামীকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী ময়মনসিংহ স্টেশনে এলে প্রতিদিন তা তিন ঘণ্টা করে অবরোধের ঘোষণা দেন। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামূল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, জাতীয় পার্টির নেতা স্বপন মণ্ডল, মাসুদ হোসেন, আমিনুল হক প্রমুখ।ময়মনসিংহ স্টেশন সুপার আবুল কালাম আজাদ বলেন, কাল শুক্রবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটি চলবে। তা ছাড়া ময়মনসিংহের যাত্রীদের জন্য চারটি আন্তনগর ট্রেনে সারা দিনে ৩৮২টি আসন রাখা হয়েছে। যা যাত্রীসংখ্যার তুলনায় খুবই কম।এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পূর্ব জোনের (চট্টগ্রাম) সহকারী পরিচালক মো. শাজাহান বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের একজন সাংসদের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।