আন্তনদী প্রকল্প নিয়ে উদ্বেগ, তথ্য সংগ্রহের পরামর্শ
পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আন্তনদী সংযোগ প্রকল্পের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
কমিটি পানিসম্পদ মন্ত্রণালয়কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার পরামর্শ দিয়েছে। একইভাবে তাদের মনোভাব জেনে পরবর্তী করণীয় নির্ধারণেরও পরামর্শ দিয়েছে। খবর বাসসের।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এসব পরামর্শ দেওয়া হয়।
সভা শেষে সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতের লোকসভায় সদ্য প্রস্তাবিত বাজেটে আন্তনদী সংযোগ প্রকল্পে ১০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। সে দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রস্তাবে ৯ জুলাই প্রস্তাবিত বাজেটে প্রকল্পটির জন্য এই বরাদ্দ রাখা হয়। তিনি জানান, বহুল আলোচিত এ আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে আগে থেকেই বাংলাদেশের পরিবেশবিদেরা আন্দোলন করে আসছিলেন। প্রকল্পটিতে নতুন করে এ অর্থ বরাদ্দ আসলে কী সংকেত দেয়, তা নিয়ে পরিবেশবিদেরাও শঙ্কিত। কমিটির সদস্যরাও এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাই কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে ভারত সরকারের মনোভাব জানতে মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে দুপুরে সংসদ ভবনে সংশ্লিষ্ট কমিটির তৃতীয় সভায় কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, তালুকদার আবদুল খালেক, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সেলিনা জাহান লিটা অংশ নেন।
সংবাদ সম্মেলনে রমেশ চন্দ্র সেন বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ কারণেই তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি। চুক্তি হলে ভালো হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আন্তনদী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। ভারতের নতুন সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।