আন্তনদী সংযোগ প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নদী, প্রকৃতি, কৃষি ও অস্তিত্ব রক্ষায় ভারতীয় আন্তনদী সংযোগ প্রকল্প বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলন, হাওরাঞ্চলবাসী, জাতীয় নদী রক্ষা আন্দোলন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, গ্রিন ভয়েস, পিপলস সার্ক ওয়াটার ফোরাম বাংলাদেশ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, তুরাগ বাঁচাও আন্দোলন, রিভারাইন পিপল, ওয়াটার কমনস বাংলাদেশ, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, জল পরিবেশ ইনস্টিটিউট, চলনবিল রক্ষা আন্দোলন ও পরিবেশ উন্নয়ন সোসাইটি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন করে আবার উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রকৃতি, কৃষি, অর্থনীতি ও অস্তিত্ব ধ্বংস হবে। ভারতের বিহার, ওডিশা, আসামসহ নয়টি রাজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান ইনামুল হক বলেন, আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে দুই দেশের প্রকৃতি ও সম্পদ ধ্বংস হবে। কারও কোনো লাভ হবে না। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আনোয়ার সাদাত বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির শিকার বাংলাদেশ। এ অবস্থায় আন্তনদী সংযোগ আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।
আনোয়ার সাদাতের সভাপতিত্বে সমাবেশে হাওরাঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির, তুরাগ বাঁচাও আন্দোলনের সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।