আন্তনদী সংযোগ প্রকল্প বাতিলের দাবি তোলার অনুরোধ বাপার
ভারতের নতুন প্রধানমন্ত্রীর কাছে সে দেশের আন্তনদী সংযোগ প্রকল্প বাতিলের দাবি তোলার জন্য জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে অনুরোধ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল রোববার এক বিবৃতিতে এই অনুরোধ করা হয়।
আজ সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেবেন। এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভারত পৌঁছেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় লোকসভা নির্বাচনের পর গণমাধ্যম ও সংশ্লিষ্ট ভারতীয় সূত্রে আমরা জেনেছি, সদ্য নির্বাচিত ভারতীয় জনতা পার্টির নেতৃবৃৃন্দ সরকার গঠনের আগেই তাঁদের পূর্ব-পরিকল্পিত ভারতীয় আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক কার্যক্রম গ্রহণে উদ্যোগী হয়েছেন।
ষাটের দশকে প্রণীত এই নদী সংযোগ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ব্রহ্মপুত্র ও পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে বিপুল পরিমাণের পানি সরিয়ে নেওয়া হবে। আর বিভিন্ন সংযোগ খালের মাধ্যমে তা মধ্য ও দক্ষিণ ভারতের পানি সংকটাপন্ন এলাকায় সরবরাহ করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নিম্ন অববাহিকার দেশ হিসেবে বাংলাদেশের জন্য ব্যাপক প্রকৃতি, পরিবেশ ও অর্থনীতি ধ্বংসের সূত্রপাত করবে। সূচিত হবে মরুকরণ প্রক্রিয়ার। একইভাবে কমবেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতেরও নয়টি রাজ্য। এক দশক আগে এই প্রকল্প বাস্তবায়নের জোর উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ ও ভারতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ একপর্যায়ে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার এর বাস্তবায়ন প্রক্রিয়া শ্লথ করে দেয়।
এই প্রকৃতিবিনাশী কাজ থেকে বিরত থাকা ও এ বিষয়ে বাংলাদেশের মানুষের উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্কের কথা নতুন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ করা হয় বিবৃতিতে। বিজ্ঞপ্তি।