ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অবশিষ্ট যে নদীগুলো বেঁচে আছে, সেগুলোও মারা যাবে বলে মন্তব্য করেছেন নদী বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, এতে দেশের মিঠাপানির সবচেয়ে বড় প্রবাহ ব্রহ্মপুত্র শুকিয়ে যাবে। বাংলাদেশের জন্য মরণফাঁদ হয়ে দেখা দেওয়া এই প্রকল্প বন্ধ করতে চিৎকার করে প্রতিবাদ জানাতে হবে। এ জন্য জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে হবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আন্তনদী সংযোগ প্রকল্প ও বাংলাদেশের পানি ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সভায় বক্তারা তিস্তা নদীর পানি বণ্টন, টিপাইমুখ বাঁধ নির্মাণ ও সর্বশেষ আন্তনদী সংযোগ প্রকল্পের কারণে বাংলাদেশের নদ-নদীর ক্ষতি হওয়ার বিষয়টি ভারতের কাছে জোরালোভাবে তুলে ধরতে সরকারের কাছে আহ্বান জানান। সাউথ এশিয়া ইয়থ ফর পিস অ্যান্ড প্রসপারেটি সোসাইটি এই আলোচনা সভার আয়োজন করে।
সভার মূল বক্তব্যে অনলাইন দৈনিক গ্রিনওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলাদেশের কী ধরনের ক্ষতি হতে পারে, তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্প যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে বাংলাদেশ মারা যাবে। তখন চিৎকার করারও সুযোগ থাকবে না। তাই এখনই সবাই মিলে এর বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ইনামুল হক আন্তনদী সংযোগ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বলেন, নদী আইন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে নদী-সংক্রান্ত যেসব চুক্তি আছে, তার আলোকে ভারত এই প্রকল্প বাস্তবায়ন করতে পারে না। সরকারকে এ কথা জোরের সঙ্গে বলতে হবে।
জাতিসংঘের পানিবিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক এস আই খান ভারত ও বাংলাদেশের ৫৪টি নদী নিয়ে রাজনৈতিক সমঝোতার ওপর জোর দেন। তিনি বলেন, ‘ভারত ইতিমধ্যে বেশির ভাগ অভিন্ন নদীর ওপর বাঁধ দিয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করছে। এখন আমাদের পানিপ্রবাহের প্রধান উৎস ব্রহ্মপুত্রের পানি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রকল্প নিয়েছে।’