প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চ এক্সচেঞ্জ (পিএবিএক্স) নষ্ট হয়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আন্তবিভাগের ৩০০টি টেলিফোনের সবগুলো গত তিন মাস অচল হয়ে রয়েছে।পায়ে হেঁটে আন্তবিভাগের খবর নিতে হচ্ছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও রোগীর অভিভাবকদের। এতে হাসপাতালের চিকিৎসাকার্যক্রম মারত্মক ব্যাহত হচ্ছে। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার যোগাযোগ করলেও কোনো কাজ হয়নি।হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে টেশিস ৯৮ লাখ টাকা ব্যয়ে হাসপাতালের আন্তবিভাগের সংযোগের জন্য পিএবিএক্স বোর্ড স্থাপন করে। ছয় বছরের সময় এটি একবার নষ্ট হয়ে যায়। তখন হাসপাতালের খরচে টেশিসের প্রকৌশলীরা সেটি মেরামত করেন। এরপর তিন মাস আগে পিএবিএক্স মেশিনটি আবার নষ্ট হয়ে পড়ে। হাসপাতালের এই পিএবিএক্স বোর্ড থেকে ৩০০টি টেলিফোনের সংযোগ রয়েছে। এর মধ্যে প্রতি ওয়ার্ডে একজন অধ্যাপক, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সহকারী রেজিস্ট্রারের টেলিফোনসংযোগ রয়েছে। তাঁরা এই টেলিফোনের মাধ্যমে জরুরি বিভাগ, অস্ত্রোপচারকক্ষ, ব্লাড ব্যাংকসহ হাসপাতালের সব বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। পিএবিএক্স নষ্ট হয়ে পড়ায় গত তিন মাস এই যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চিকিৎসাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।চিকিৎসকেরা জানান, টেলিফোন অচল থাকায় জরুরি বিভাগ থেকে ওয়ার্ডের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আবার জরুরি বিভাগ থেকে আশঙ্কাজনক কোনো রোগীকে ওয়ার্ডে পাঠানোর আগে ওয়ার্ড কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে না। ওয়ার্ড থেকে জরুরি ভিত্তিতে অবেদনবিদ ও অস্ত্রোপচারকক্ষ প্রস্তুত করতে বলা যাচ্ছে না। এসব কাজের জন্য হাসপাতালের আয়া, বয় অথবা বাধ্য হয়ে রোগীর লোকজনকে পাঠিয়ে যোগাযোগ করতে হচ্ছে। আবার ওয়ার্ডে কে কখন দায়িত্বে থাকে তা-ও জানা সম্ভব হয় না।হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জহুরুল ইসলাম বলেন, পিএবিএক্স ঠিক করার বিষয়ে একাধিকবার টেশিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।