জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সহ-উপাচার্য মো. আবুল হোসেন গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১২৬ রানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। গতকাল সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২১৫ রান করে। জবাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৮ উইকেটে ৮৯ রান করে। প্রতিযোগিতায় এ-গ্রুপে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। আর বি-গ্রুপে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|