আন্তবিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন নির্মাণের চূড়ান্ত প্রতিযোগিতা ২৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল চাকরির পেছনে ছুটে চলা নয়, উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থান তথা বৃহৎ কর্মক্ষেত্র সৃষ্টি করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের উদ্যমী শিক্ষার্থীরাও এ বাস্তবতা থেকেই নানা উদ্যোগ আর সৃষ্টিশীলতার পথে এগিয়ে যাচ্ছে৷
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে গতকাল রোববার ‘অ্যাড মেকার বাংলাদেশ-২০১৪-সৃষ্টিশীলতার যুদ্ধ’ শীর্ষক আন্তবিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন৷
২৮ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷
এই উদ্যোগের ক্যারিয়ার পার্টনার হিসেবে আছে প্রথম আলো জবস।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত গতকালের সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন ইউ সরকার, উপপরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ, ‘ইয়াং এন্ট্রাপ্রেনিউরস সোসাইটির (ইয়েস) শিক্ষক উপদেষ্টা মো. হান্নান মিয়া, সভাপতি সৈয়দ মাহাবুব ইসলাম, যুগ্ম সম্পাদক ফাহিম মামুন এবং প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমীনসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গুণী নির্মাতা অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকী।