পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল, চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, ভর্তি পরীক্ষায় পোষ্য কোটাসহ সাত দফা দাবিতে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এ কর্মবিরতির ডাক দিয়েছে। সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মচারীরা সাত দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। সাত দফা দাবিগুলো হলো: কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল, চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, আবেদন করার যোগ্যতা সাপেক্ষে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটায় সরাসরি ভর্তি, পদোন্নতির নীতিমালা অনুযায়ী আর্থিক সুবিধাসহ শর্ত পূরণের দিন থেকে পদোন্নতি, ফেডারেশনের জন্য বার্ষিক অনুদান পাঁচ লাখ টাকা প্রদান, সিনেট-সিন্ডিকেটসহ কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট সব কমিটিতে কর্মচারীদের প্রতিনিধিত্ব, পেনশনের টাকা দুই বা তিন কিস্তিতে প্রদান করতে হবে। আজ বুধবারও একই দাবিতে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানা গেছে। মুঠোফোনে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মহাসচিব আব্বাস আলী তালুকদার কর্মবিরতি ডাকার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এদিকে একই দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীরাও ধর্মঘট পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকালে এক সমাবেশে বক্তব্য দেন শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মনিলাল দাস, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেক আহমদ, সহায়ক সমিতির সভাপতি জিলান উদ্দিন, আবদুর রহমান মুন্সি, আবদুল গফ্ফার প্রমুখ।