আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) আয়োজনে কিউট-বিএফডিএফ তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা গতকাল শুক্রবার শুরু হয়েছে। ‘শৃঙ্খলমুক্তির মন্ত্রে, গড়ি নতুন প্রাণের বন্ধন’ স্লোগান সামনে রেখে প্রধান অতিথি হিসেবে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফডিএফের প্রধান নির্বাহী সদস্য আনন্দ শংকর রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আমজাদ হোসেন, বিএফডিএফের উপদেষ্টা শাহ আজম শান্তনু ও রোকসানা বেগম। প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশ নেবে।
প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন, সিরাজী ভবন, ডিনস কমপ্লেক্সে প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল হয়। দ্বিতীয় দিন আজ শনিবার সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সর্বশেষ বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফাইনাল রাউন্ড হবে। পরে এই মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। এ সময় প্রতিমন্ত্রী ‘ডিজিটাল বাংলাদেশ: আমাদের আকাঙ্ক্ষা ও অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। পরে তিনি বিতর্কে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।