আন্তবিশ্ববিদ্যালয় দাবায় চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত ১ম আন্তবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিন দিনব্যাপী প্রতিযোগিতার ফাইনাল আজ বুধবার অনুষ্ঠিত হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রতিযোগিতায় ১৫টি বিশ্ববিদ্যালয়ের ২০ দল অংশ নেয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলগত ৯ ম্যাচ পয়েন্ট এবং সাড়ে ১৭ গেম পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওহীদুর রহমান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলের কোচ এস এম সাদাত হোসেন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়াতে বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিচালক সায়েদা সারোয়ার আবেদ, বার্জার পেইন্টসের মহাব্যবস্থাপক এ কে এম সাদেক নেওয়াজ, দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় চেজ ক্লাবের উপদেষ্টা সামসুদ্দোহা।