হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও লন টেনিস প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান ও এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম প্রকৌশল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, সিলেট কৃষি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার মতো বিশাল আয়োজন হতে যাচ্ছে বলে শিক্ষক-কর্মকর্তারা জানিয়েছেন।