বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ‘স্বপ্ন ফ্রেম বর্ণিল হোক প্রজাপতির ডানায় চড়ে’ স্লোগান সামনে রেখে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি।
গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের অনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মানজার-ই-খোরশেদ আলম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যণ পরিচালক আশুতোষ সাহা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি একজন সংস্কৃতিমনা মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে এ ধরনের সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’