বিভিন্ন ধারার গান ও কবিতা নিয়ে শুরু হয় উৎসব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক রঙে রাঙিয়ে দেয় ওই উৎসব। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘সবার রঙে রঙ মেশাতে’। এ প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গতকাল শুক্রবার শেষ হয়েছে তিন দিনব্যাপী ক্লোজআপ-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব। বুয়েটের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত ওই উৎসবের আয়োজক মূর্চ্ছনাঃবুয়েট। তিন দিনের ওই আয়োজনে ছিল রবীন্দ্র, নজরুল, আধুনিকসহ বিভিন্ন ধারার সংগীত ও নাচ। আর গানের মধ্যে দর্শকদের মাতিয়েছে আবৃত্তি। উৎসবের সমাপনী দিনে মিলনায়তন দর্শকে পূর্ণ ছিল। প্রতিটি গান, কবিতার পর হর্ষধ্বনিতে ফেটে পড়ে মিলনায়তন। উৎসবে বুয়েটের শিক্ষার্থীরা ছাড়াও অংশ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল। এসব বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।সমাপনী দিনে বিভিন্ন শাখায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও বুয়েটের সহউপাচার্য হাবিবুর রহমান।