আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের নবম আসর। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল শনিবার এতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই বিশেষ প্রদর্শনী হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই উৎসবের আয়োজন করেছে। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে প্রথম আলো। উৎসবে ৯৬টি দেশ থেকে ১ হাজার ৭০২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে সারা দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা ১৩৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে।

গত দুই দিনে টিএসসি মিলনায়তনে ৬৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এর মধ্যে সকালে তারেক মাসুদের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনীতে বাংলা ভাষার চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র উৎসবের স্লোগান ‘টেক ইউর ক্যামেরা, ফ্রেম ইউর ড্রিম’। ১৫ ও ২০ মিনিটের দুটো ক্যাটাগরিতে এসব চলচ্চিত্র জমা পড়েছে। এগুলোর মধ্যে নির্বাচিত ডকুমেন্টারি, অ্যানিমেশন, ফিকশন এবং নন-ফিকশনসহ দুই শর মতো চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

গতকাল বিকেলে আলোচনা পর্বে অতিথি হিসেবে ছিলেন প্রয়াত তারেক মাসুদের সহধর্মিণী নির্মাতা ক্যাথরিন মাসুদ। তিনি বলেন, তারেক মাসুদ সব সময় তরুণ প্রজন্মকে নিয়েই ভাবতেন। তাদের জন্য কাজ করতেন। তিনি একটা বড় পুরস্কার পাবেন, কান উৎসবে যাবেন, এটা না। আসলে সবাইকে নিয়ে বড় হতে চেয়েছেন তিনি। তরুণদের এসব উদ্যোগ, ছোট ছোট কাজ, এর মাধ্যমেই একদিন বড় কিছু হবে।