আন্তবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইউল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)। গতকাল বুধবার ফাইনালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে (আইইউবি) ৩০ রানে হারায় ইউল্যাব।
মোহাম্মদপুরের রামচন্দ্রপুরে ইউল্যাবের নিজস্ব ক্রিকেট মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে ইউল্যাব ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করে। জবাবে ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে আইইউবি ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে। ইউল্যাবের ইমরান ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পেয়েছে ৫০ হাজার টাকা এবং রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ।
গতকাল এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ। টুর্নামেন্টের সমাপনী বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান।
এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইউল্যাব।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়োজকেরা জানান, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ২০০৬ সাল থেকে প্রতিবছর ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।