আন্তমন্ত্রণালয় তদন্ত কমিটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অধিকতর তদন্তের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন আন্তমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি বর্তমানে কর্মরত জেলা প্রশাসনের তদন্ত কমিটির মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

এদিকে গ্যাসের চাপ বাড়ানোর জন্য কারখানাটিতে অবৈধ ‘বুস্টার মেশিন’ ব্যবহারের কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করছেন তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে তিতাসের এক কর্মকর্তা গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানা অবৈধ বুস্টার মেশিন ব্যবহার করে থাকে। টাম্পাকোতেও তা ব্যবহার করা হতো। আর ওই মেশিনে টেনে নেওয়া অতিরিক্ত গ্যাসের চাপেই বিস্ফোরণ ঘটে। অবৈধ বুস্টার মেশিন ব্যবহারের জন্য এর আগে ওই কারখানার মালিককে দুই দফা জরিমানা করা হয়েছিল।

টাম্পাকো কারখানায় ১০ সেপ্টেম্বরের ভয়াবহ বিস্ফোরণের কারণ খুঁজতে গাজীপুর জেলা প্রশাসন, দমকল বাহিনী ও তিতাস কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তিতাসের তদন্ত কমিটি গত রোববার থেকে তদন্তকাজ শুরু করেছে।

টাম্পাকোর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৩৫ জন মারা গেছেন। উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো চলছে।