মৎস্য ও প্রাণিসম্পদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকের অপেক্ষায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বরাদ্দ জায়গা হস্তান্তর-প্রক্রিয়া থমকে আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত এক বছর এ ব্যাপারে দুটি মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করেও কোনো সুফল পাচ্ছে না।জায়গা বুঝে না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের অবকাঠামো নির্মাণকাজ স্থবির হয়ে আছে।জানা গেছে, ২০০৬ সালের ১৬ অক্টোবর এবং ২০০৭ সালের ২৭ মার্চ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ভেটেরিনারি কলেজ উন্নয়ন প্রকল্পের স্থায়ী কমিটির সভা হয়। দুটি সভাতেই মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম আঞ্চলিক হাঁস ও মুরগি খামারের জায়গা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বরাদ্দের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়, কিন্তু তা দীর্ঘদিনেও কার্যকর হয়নি। পরবর্তীকালে আন্তমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছিল মন্ত্রণালয় থেকে।২০১১ সালের ১৯ মার্চ ও ২৫ সেপ্টেম্বর শিক্ষাসচিব এবং একই বছরের ২৬ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর কাছে জায়গা হস্তান্তর ও আন্তমন্ত্রণালয়ের বৈঠকের ব্যাপারে চিঠি দেওয়া হয়। গত বছরের ৩০ জানুয়ারি একই বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়।এসব বিষয় স্বীকার করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এ এস মাহফুজুল বারি। তিনি প্রথম আলোকে বলেন, আন্তমন্ত্রণালয় বৈঠকে জায়গা হস্তান্তরের বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক হয়নি। আগামী এপ্রিল মাসে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫-৯৬ সালে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র পাহাড়তলী এলাকায় চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠিত হয়। তখন কৃষি মন্ত্রণালয় তাদের পাহাড়তলী কৃষি গবেষণা উপকেন্দ্রের অব্যবহূত ১০ একর জমি থেকে নয় একর জমি বরাদ্দ দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে মন্ত্রণালয় নয় একর জমি থেকে শুধু সাত একর জমি হস্তান্তর করে। বাকি দুই একর জায়গা আর হস্তান্তর করা হয়নি। এ ব্যাপারেও গত বছর ২৮ মার্চ কৃষি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহানকে চিঠি দেওয়া হয়।২০০৬ সালের ৭ আগস্ট সরকারি ভেটেরিনারি কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ফলে প্রতিষ্ঠানের পরিসরও বেড়ে যায়। কিন্তু জায়গার অভাবে বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের একাডেমিক ভবন ও ছাত্রাবাস তৈরির কাজ ব্যাহত হচ্ছে।