আন্তরাষ্ট্রীয় প্রক্রিয়া লঙ্ঘনের কোনো ইচ্ছা নেই: দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার নৌবন্দর নির্মাণের সমীক্ষার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আন্তরাষ্ট্রীয় প্রক্রিয়া লঙ্ঘনের কোনো ইচ্ছা ভারতের নেই।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল সোমবার বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের কাছে দেশটির এই অবস্থান তুলে ধরেন। ভারতের শীর্ষ এ কূটনীতিক গতকাল দুপুরে পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, নৌবন্দরের সমীক্ষার ব্যাপারে ভারতীয় হাইকমিশনার তাঁর দেশের অবস্থান ব্যাখ্যা করেছেন। এটি যৌথ বিনিয়োগের একটি প্রস্তাব এবং এটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এর আগে বৈঠকের পর পঙ্কজ সরন সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জে কনটেইনার টার্মিনাল নির্মাণের ব্যাপারে বাংলাদেশের যেকোনো উদ্বেগ ও অনুমানের ব্যাপারে আমরা সংবেদনশীল রয়েছি। আন্তরাষ্ট্রীয় প্রক্রিয়া অনুসরণের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং এ প্রক্রিয়া লঙ্ঘনের কোনো ইচ্ছা আমাদের নেই। তা ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।’

পঙ্কজ সরন বলেন, ‘নারায়ণগঞ্জে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ভারতের একটি প্রতিষ্ঠানকে প্রস্তাব দিয়েছিল। ভারতের প্রতিষ্ঠানটি মনে করে, বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা একটি সমীক্ষা চালাবে। এ প্রস্তাবে বিনিয়োগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিনিয়োগ প্রস্তাবটির ব্যাপারে ওই প্রতিষ্ঠান কিংবা ভারত সরকার কোনো সিদ্ধান্ত নিলে বাংলাদেশের আইনকানুন মেনেই তা করা হবে। এ বিষয়টিই আমি পররাষ্ট্রসচিবকে জানিয়েছি।’

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূলত কুমুদিনীর সঙ্গে ভারতের কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (কনকর) আলোচনার প্রেক্ষাপটে এ সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের সমীক্ষা ভারতের বাণিজ্য কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চালানো ছাড়া সমাধানের কোনো পথ ছিল না। শেষ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়।

২০১১ সালে শীতলক্ষ্যা নদীর তীরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের ৪৬ একর জমিতে কনটেইনার টার্মিনাল বন্দর নির্মাণের প্রথম প্রস্তাবটি কনকরকে দেওয়া হয়। কুমুদিনীর প্রস্তাবে বলা হয়েছিল, তাদের পক্ষ থেকে জমি দেওয়া হবে। আর অবকাঠামো তৈরি করবে কনকর। তবে এ আলোচনা প্রায় দেড় বছর থমকে থাকার পর ২০১২ সালে জুনে গতি পায়।

এ পরিস্থিতিতে সমীক্ষা পরিচালনার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১০ মে দরপত্র প্রকাশ করা হয়। তাতে বলা হয়, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের ৪৬ একর জায়গার ওপর ওই সমীক্ষা চালানো হবে। দরপত্র জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ৭ জুন বেলা তিনটা।

তবে ওই সমীক্ষার ব্যাপারে গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশ বিষয়টি সম্পর্কে অবগত ছিল না। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে ভারতের কাছে জানতে চায়।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব ও ভারতের হাইকমিশনার প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা গেছে।