আন্তরিক পরিবেশ গড়ে উঠলে শিক্ষার্থীরা বিপথে যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসায় শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক পরিবেশ গড়ে উঠলে শিক্ষার্থীরা বিপথে যাবে না। এদের সমন্বিত উদ্যোগে একটি জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ে উঠবে।
শিক্ষামন্ত্রী গতকাল রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসাশিক্ষকদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ১৯৩ জন সুপার, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক অংশ নেন।
প্রসঙ্গত, দেশে সাতটি বিভাগে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ১ লাখ ৬৩ হাজার ৮৬টি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় মোট ৫৪ লাখ শিক্ষার্থী রয়েছে।
মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিশুকে পরিপূর্ণ দিকনির্দেশনা ও শিক্ষাদান করে। তাই এ দুটোর সমন্বয়ে একজন শিক্ষার্থী সঠিক ও যোগ্যভাবে গড়ে উঠতে পারে। মাদ্রাসায় কোনো জঙ্গিও নেই। আর দশটা শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন, হাদিস ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে থাকে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় যারা অংশগ্রহণ করেছিল, তারা বিভ্রান্ত ও বিপথগামী হয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চেয়েছিল।
মন্ত্রী বলেন, ‘এসব জঙ্গি হামলায় যারা নিহত হয়েছে সেসব পথভ্রষ্ট সন্তানের লাশ গ্রহণ করতে পরিবার অস্বীকৃতি জানিয়েছে। এ ঘটনা থেকে আমাদের সন্তানদের শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে।’
জাতীয় সংগীত ও শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, এ দুটো দেশপ্রেমের প্রতীক। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদ্রাসায়ও জাতীয় সংগীত গাওয়া ও পতাকা উত্তোলন করা হয়। যাঁরা এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁরা সঠিক নন। দু-একটা শিক্ষাপ্রতিষ্ঠানে এর অনিয়ম হতে পারে। সে বিষয়ে সচেতন হতে নিজ নিজ মাদ্রাসার প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে নজরদারি করার কথাও বলেন শিক্ষামন্ত্রী।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ এস মাহমুদ, অতিরিক্ত সচিব (মাদ্রাসা) এস এম এহসান কবির।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জমিয়াতুল মুদার্রেসীনের মহাসচিব সাব্বির আহমেদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক দেলোয়ার হোসাইন প্রমুখ।