আন্তরিকতার ওপর ভর করে চলছে প্রসূতিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদোন্নতি পেয়ে বছর দেড়েক আগে ঠাকুরগাঁওয়ে মা ও শিশুকল্যাণ কেন্দ্র ছেড়ে গেছেন চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক)। ওই পদে এখন আর কোনো চিকিৎসক নেই। তবুও সেখানে চলছে প্রসূতিসেবা, চলছে অস্ত্রোপচারও। ছেড়ে যাওয়া সেই চিকিৎসকের আন্তরিকতার ওপর ভর করেই চলছে এই প্রসূতিসেবা।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক) পদের দায়িত্বে ছিলেন নাসিমা আক্তার জাহান। তিনি পদোন্নতি পেয়ে ২০১৪ সালের ১৫ অক্টোবর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কনট্রাসেপশন) পদে বদলি হয়ে যান। সেই থেকে ওই কেন্দ্রে তাঁর পদে আর কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি।
মা ও শিশুকল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কেন্দ্রে ৯৫০টি শিশু জন্ম নিয়েছে। এর মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয়েছে ৩২৮টি শিশুর। স্বাভাবিকভাবে প্রসব হয়েছে ৬২২টি শিশু। এ ছাড়া এই কেন্দ্রে ২ হাজার ৪১৩ জন গর্ভবতী মাকে সেবা দেওয়া হয়েছে। ৩ হাজার ৩৪৮টি শিশুকেও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রেজা হাবিব অতিরিক্ত দায়িত্বে হিসেবে ওই শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তার (ক্লিনিক) দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, ‘২০১৪ সালের অক্টোবর মাস থেকে ওই শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক) পদে চিকিৎসক নেই। তবুও আমরা সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আর এটা সম্ভব হচ্ছে বিদায়ী চিকিৎসক নাসিমা আক্তার জাহানের আন্তরিকতার কারণেই। বদলি হলেও গর্ভবতী মায়ের অস্ত্রোপচারের কাজটি এখনো তিনিই করে যাচ্ছেন। কেন্দ্রে যখনই কোনো গর্ভবতী মা সেবা নিতে আসেন, তখন তাঁর (নাসিমা আক্তার জাহান) সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তিনি এসে জটিল প্রসব ও অস্ত্রোপচারের কাজটি করেন। বদলির পর থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কেন্দ্রে তাঁর হাতে অস্ত্রোপচারের মাধ্যমে ৮৩১টি শিশুর জন্ম হয়েছে। কেন্দ্রে অস্ত্রোপচারের কোনো চিকিৎসক না থাকলেও ২০১৫ সালের জাতীয় জনসংখ্যা দিবসে কেন্দ্রটি সেরা মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সম্মাননা পায়।’
গতকাল বুধবার সকালে ওই শিশুকল্যাণ কেন্দ্রে গিয়ে রোগীদের ভিড় দেখা যায়। কেন্দ্রের ২০ শয্যায় ১৫ জন প্রসূতি ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে একজন পীরগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামের চম্পা বেগম (২০)। গত সোমবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তিনি বলেন, ‘হামরা গরিব মানুষ। শহরের বড় ক্লিনিকে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নাই। বিনা পয়সায় চিকিৎসা পাওয়ার তানেই এইঠে ভর্তি হইছু।’ একই দিনে সদর উপজেলার সির্ন্দুনা গ্রামের গর্ভবতী জোসনা রানীও (২৫) এখানে এক মেয়েসন্তানের জন্ম দিয়েছেন। জোসনা বলেন, ‘শুনেছি এখানকার ডাক্তার আপা বদলি হয়ে গেছেন। তবুও তিনি এখানে এসে সিজার করছেন। তিনি না থাকলে আমাদের শহরের ক্লিনিকে গিয়ে চিকিৎসা করাতে হতো। এতে আমাদের অনেক টাকাপয়সা খরচ হতো।’
এ ব্যাপারে নাসিমা আক্তার জাহান বলেন, ‘এ কেন্দ্রে এলাকার অসচ্ছল লোকজন সেবার জন্য আসেন। বাইরের ক্লিনিকের খরচ জোগানো তাঁদের পক্ষে কষ্টকর। পদোন্নতি পেয়ে দপ্তর পরিবর্তন হয়েছে। কিন্তু এলাকা ছেড়ে তো যাইনি। তাই এলাকার এসব অসচ্ছল মানুষগুলোর কথা ভেবে মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ডাক পেলেই চলে আসি। যত দিন সেখানে চিকিৎসক না পাওয়া যাবে, তত দিন এ সেবাটুকু দিয়ে যেতে চাই।’
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. তারিকুল ইসলাম বলেন, মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নানা সংকট থাকলেও সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আন্তরিকতা রয়েছে।