আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
ছবি: বাসস

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কোনো কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না, বরং কমে। রাষ্ট্রপ্রধান স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোরও তাগিদ দেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, পর্যটকেরা যাতে যত্রতত্র ময়লা–আবর্জনা না ফেলেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আবদুল হামিদ এর আগে মিঠামইন উপজেলার নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক, বঙ্গভবনের সচিব এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি তাঁর নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারক করতে এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে সাত দিনের সফরে শুক্রবার এখানে এসেছেন। রাষ্ট্রপতির ১৮ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।