আন্তরিকভাবে কাজ করুন, অন্যথায় অব্যাহতি নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের উন্নয়নে সরকারের ‘জনবান্ধব প্রকল্প’ দ্রুততার সঙ্গে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, ‘জনগণের কাছে দেওয়া বর্তমান সরকারের জনবান্ধব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। আন্তরিকতা নিয়ে কাজ করুন, অন্যথায় অব্যাহতি নিন।’অর্থমন্ত্রী বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত সিলেটের স্থানীয় উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল এতে সভাপতিত্ব করেন। এ সময় অর্থমন্ত্রী নগরের কাজিরবাজার এলাকায় সুরমা নদীর সেতু ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ট্রাক টার্মিনাল ছাড়াও বাগবাড়ীতে কসাইখানা নির্মাণ, শিশু একাডেমী সম্প্রসারণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বিমানের রিফুয়েলিং স্টেশন নির্মাণ, খাদিমপাড়ায় প্রস্তাবিত ৫০ শয্যার শাহপরাণ হাসপাতাল ও শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ২০০ শয্যায় উন্নীতকরণ কাজের অগ্রগতির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।উন্নয়ন প্রকল্পে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘নগর উন্নয়নে বর্তমান সরকারের বিগত তিন বছরে সিলেট সিটি করপোরেশনকে যত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, গত ১৫ বছরেও তা দেওয়া হয়নি। সিলেট নগর উন্নয়নে আমার আন্তরিকতার অভাব নেই। কিন্তু আমার আন্তরিকতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয় পাই না।’সভায় মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের অনুপস্থিতিতে নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্ত্রীর প্রশ্নের জবাব দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।