আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস পালিত
আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এসব কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, মানসিক ও শারীরিকভাবে পিছিয়ে থাকা প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। চুয়াডাঙ্গা: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিভিল সার্জন খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে। জয়পুরহাট: শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনায় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, সিভিল সার্জন মোজাম্মেল হক প্রমুখ।ফরিদপুর: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল্লাহ্র সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার প্রমুখ। নীলফামারী: শহরে একটি শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আবদুল মজিদ। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন সিভিল সার্জন শওকত আলী, পুলিশ সুপার আলমগীর রহমান।