কর্মশালায় মার্কিন বিশেষজ্ঞ লরেল ফ্লেচার
আন্তর্জাতিক অপরাধ আইনে একাত্তরের যৌন নির্যাতনের বিচার করতে হবে
যৌন নিপীড়নের ঘটনার প্রমাণে নির্যাতিতার ভাষ্য দোষী ব্যক্তিকে খুঁজে বের করার প্রধান উপায়। এ ছাড়া অপরাধের প্রমাণ দিতে পারে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য। কাজেই, একাত্তরে বাংলাদেশের নারীদের ওপর নিপীড়ন চালানোর ব্যাপারে পাকিস্তানি বাহিনী স্থানীয় দোসরদের কোনো নির্দেশনা দিয়ে থাকলে সেটি সাক্ষ্য-প্রমাণ হিসেবে বিবেচিত হবে।গতকাল মঙ্গলবার রাজধানীতে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩-এর মাধ্যমে যৌন নিপীড়নের জবাবদিহিতা নিশ্চিত’ শীর্ষক কর্মশালায় ওই অভিমত দেন যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুলের অধ্যাপক লরেল ফ্লেচার। সিরডাপ মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ওই কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী শফিক আহমেদ।আন্তর্জাতিক অপরাধ আইনের নিরিখে যৌন নিপীড়নের ব্যাখ্যা দিতে গিয়ে লরেল বলেন, পৃথিবীর যেকোনো দেশের মতো বাংলাদেশে এ অপরাধের বিচার করা দুরূহ বিষয়ই বটে। তবে এই অপরাধের বিচারপ্রক্রিয়ায় অবশ্যই নারীদের তদন্তকারী কর্মকর্তা ও আইনজীবী হিসেবে নিয়োগ দিতে হবে। আর এ ধরনের অপরাধে যারা সাক্ষ্য দেয়, তাদের বিপদের ঝুঁকি সম্পর্কে সজাগ করে দিতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সাক্ষীদের নিরাপত্তা।যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষিতে বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে মার্কিন ওই আইন বিশেষজ্ঞ মনে করেন, মামলার সাক্ষীদের নিরাপত্তা বিধানসংক্রান্ত প্রস্তাবিত আইন এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি বিরাট সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, একাত্তরে যাঁরা নির্যাতিত হয়েছেন, তাঁদের সুবিচার পাওয়ার ব্যাপারে ভূমিকা রাখতে পারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ ও সুশীল সমাজ। যুদ্ধাপরাধের বিচারে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে।আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়ায় আমরা নারী আইন কর্মকর্তা নিয়োগ করতে যাচ্ছি। তবে নারী আইনজীবী নিয়োগের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে।’ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী হামিদা হোসেন, সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক এম এ হাসান, আইনজীবী সারা হোসেন, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল প্রমুখ।