আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের খসড়া মন্ত্রিসভায় উঠছে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইন আবার সংশোধনের জন্য মন্ত্রিসভায় উঠছে। এ জন্য প্রয়োজনীয় খসড়াও করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে. র্যাপ তাঁর সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যে সংশোধনী হচ্ছে, তা মন্ত্রিসভায় উত্থাপনের জন্য অপেক্ষা করছি।’
সংশোধনীতে কী থাকছে এবং কবে এটি মন্ত্রিসভায় উঠবে, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
বিচারপতিদের অভিশংসনক্ষমতা জাতীয় সংসদের হাতে রাখার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিভিন্ন গণতান্ত্রিক দেশে এ ক্ষমতাটি পার্লামেন্টের হাতে রয়েছে। এমনটি বাংলাদেশে হলে অমূলক কিছু হবে না ।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া প্রসঙ্গে মার্কিন দূতের মনোভাবের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে স্টিফেন জে. র্যাপের মনোভাব আগের চেয়ে নমনীয় হয়েছে বলে তাঁর কাছে মনে হয়েছে ।
আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যুক্ত সংগঠনের বিচারের ব্যবস্থা রেখে আইন সংশোধিত হচ্ছে। খসড়া প্রস্তাবে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে।