আন্তর্জাতিক অপরাধ আদালত যেন হাঁটতেই পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে ধীরগতির সমালোচনা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।মিজানুর রহমান বলেছেন, ‘সরকারের দুই বছর হওয়ার পরও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হামাগুড়ি দিতে না পারে, তাহলে এটি হাঁটতে শুরু করবে কখন? আমরা তো চেয়েছিলাম, এটি ১০০ মিটার গতিতে দৌড়াতে থাকবে। কিন্তু এর গতি এতই শ্লথ যে হাঁটতেই পারছে না। হামাগুড়ি দিতে পারে না। শুধু মাঝে মাঝে একটু নড়াচড়া করে।’গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা’ শীর্ষক জাতীয় সেমিনারে মিজানুর রহমান এসব কথা বলেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধ মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত। এ কারণে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবির সঙ্গে মানবাধিকার কমিশন একাত্ম এবং এর সঙ্গে জড়িত হওয়া দায়িত্ব ও কর্তব্য বলে মনে করে। সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ সংঘটন করার প্রমাণ পাওয়া প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধ সংঘটিত করেছেন। এ কথা সত্যি হলে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? কিসের অপেক্ষা করা হচ্ছে? তিনি ট্রাইব্যুনালের তদন্ত কমিটির উদ্দেশে আরও বলেন, ‘আপনারা কি সাক্ষ্য প্রমাণ পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, তাহলে কেন ঘোষণা করলেন সারা দেশের সামনে? এখন যদি কিছু না হয়, তাহলে কেন গোটা জাতিকে হতাশায় নিমজ্জিত করছেন? কী অধিকার আছে আপনাদের?’মানবতাবিরোধী অপরাধ নিয়ে সরকারের নীতিনির্ধারকদের বক্তব্য প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান বলেন, অনেকে বলছেন, বিচার হবে প্রতীকী। কিন্তু এই বিচার কখনো প্রতীকী বিচার হতে পারে না। প্রতীকী বিচার করেছেন শহীদজননী জাহানারা ইমাম। তিনি দেখিয়ে গেছেন যে এই বিচার করতে হবে। আর যেটি প্রকৃত বিচার, সেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রতীকী হলে কখনোই এই বিচার হবে না।মিজানুর রহমান এই আদালতের সঙ্গে সংশ্লিষ্টদের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের শুধু রাষ্ট্রীয় আইনে অভিজ্ঞ হলেই হবে না। তাঁদের আন্তর্জাতিক অপরাধ আইনে অভিজ্ঞ হতে হবে।জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক অজয় রায়, পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান এম এ করিম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শ্রমিক ও নারীনেত্রী শিরিন আক্তার প্রমুখ।