আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানসম্মত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানসম্মত নয়। এর কোনো আন্তর্জাতিক মানদণ্ডও নেই বলে একটি সেমিনারের কয়েকজন বক্তা দাবি করেছেন।নাগরিক ফোরাম নামের একটি সংগঠনের আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা, ফৌজদারি বিচারব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ বিষয়ে এক সেমিনারে বক্তারা এই দাবি করে বক্তব্য দেন। রাজধানীর পূর্বাণী হোটেলে গতকাল শুক্রবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের পরিপন্থী। বিচার-প্রক্রিয়াও সংবিধানসম্মত নয়। এ আইন বিচারের জন্য নয়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। যুদ্ধাপরাধের বিচার চালাতে হলে আইনকে সংবিধানসম্মত করতে হবে এবং নতুন আইন প্রণয়ন করতে হবে।ট্রাইব্যুনালে বিচারক হিসেবে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের আন্তর্জাতিক অপরাধ বিচারের কোনো দক্ষতা বা অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, ট্রাইব্যুনালেরও আন্তর্জাতিক কোনো মানদণ্ড নেই। কারণ, যাঁদের আটক করা হয়েছে, তাঁরা বিদেশ থেকে আইনজীবী আনতে চেয়েছেন। কিন্তু আনতে দেওয়া হচ্ছে না। আজ (শুক্রবার) আমন্ত্রিত আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ-আইনজীবী টবি ক্যাডম্যানকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের কর্তৃত্ব সরকারের কাছে রয়েছে। এই বিধানকে বহাল রেখে বিচার বিভাগ কখনো স্বাধীন হতে পারে না।অনুষ্ঠানের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সরকারের উদ্দেশে বলেন, যে প্রক্রিয়ায় যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, তা নিয়ে ভবিষ্যতে সাংবিধানিক প্রশ্ন দেখা দেবে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক বলেন, বিচারের নামে প্রহসন হলে দেশবাসী ও আন্তর্জাতিক মহল তা মেনে নেবে না।