আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতিশীল করতে সাত মন্ত্রণালয়কে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’-এর কার্যক্রম অর্থবহ ও গতিশীল করতে এর সঙ্গে সংশ্লিষ্ট সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ওই দুটি সংগঠনের নেতারা বলেছেন, ১০০ দিন পার হলেও ট্রাইব্যুনাল পুরোদমে কাজ শুরু করতে না পারায় তাঁরা উদ্বিগ্ন।১১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহায়ক মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবির ও সদস্যসচিব তুরিন আফরোজ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এ চিঠি পাঠান। অর্থ, আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা, মুক্তিযুদ্ধবিষয়ক এবং পূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে ওই চিঠি দেওয়া হয়।এতে সরকার ও ট্রাইব্যুনালকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলা হয়, এই বিচারের ভার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, অন্য কোনো আদালতের নয়। কিন্তু বিচার কার্যক্রমে ট্রাইব্যুনালের অপূর্ণতা দেখা যাচ্ছে।গত ২৬ জুন বাংলাদেশ ও বহির্বিশ্বের ৭১ জন আইনজ্ঞ ও মানবাধিকার নেতাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঞ্চ গঠন করা হয়। এটির কাজ শুরু না হওয়ায় সংগঠন দুটির নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে আসছেন। কিন্তু এর পরও তদন্তের ক্ষেত্রে মন্থরগতি ও ট্রাইব্যুনালের অপূর্ণতা লক্ষ করা যাচ্ছে। চিঠিতে বিচারকাজ পুরোদমে শুরু করতে না পারার জন্য কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়। জনবল কম: ট্রাইব্যুনালের জন্য এ পর্যন্ত সাতজন আইনজীবী ও সাতজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তদন্ত ও বিচারকাজ সুষ্ঠুভাবে এবং নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে অন্তত ২৫ জন আইনজীবী ও ২৫ জন তদন্ত কর্মকর্তা প্রয়োজন। তবে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই দক্ষতা, সততা ও মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়।স্থান সংকুলান: যে স্বল্পসংখ্যক আইনজীবী ও তদন্ত কর্মকর্তা এ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের দাপ্তরিক কাজ সম্পন্ন করার পর্যাপ্ত স্থান হাইকোর্ট ভবনে ব্যবস্থা করা হয়নি। পৃথক স্থানে তাঁদের দপ্তর স্থানান্তর ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত করবে। এ ছাড়া এখন পর্যন্ত ট্রাইব্যুনাল ভবনে আইন কমিশনের দপ্তর রয়েছে, যা এই ভবন থেকে সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়।নিরাপত্তা ও পরিবহন: ট্রাইব্যুনালে প্রধান গেট থেকে সম্পূর্ণ ভবন সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আনা উচিত। এ ছাড়া পাশেই মাজারের প্রবেশপথ ঈদগাহ থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। যেকোনো জঙ্গি আত্মঘাতী বা চোরাগোপ্তা হামলার মোকাবিলা করার মতো নিরাপত্তাব্যবস্থা ট্রাইব্যুনালে থাকতে হবে।কূটনৈতিক প্রভাবে ঘাটতি: যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য জামায়াতে ইসলামী ও তাদের দেশি-বিদেশি সহযোগীরা তৎপরতা শুরু করেছে। তারা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তেহাত্তরের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু কূটনৈতিকভাবে মোকাবিলার উদ্যোগ এখনো দেখা যায়নি।জনমত গঠন: যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সংগঠনের ক্ষেত্রে দূতাবাসগুলোকে সক্রিয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কোনো আন্তর্জাতিক জনমত গঠনের ক্ষেত্রে দূতাবাসগুলোকে সক্রিয় উদ্যোগ নিতে হবে। গণমাধ্যমে বক্তব্য: বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালের সদস্যরা গণমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। তদন্ত ও মামলার স্বার্থে এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক নয়।