আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে মন্ত্রণালয়কে চিঠি
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরোনো হাইকোর্ট ভবন থেকে অন্যত্র সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রীর মৌখিক আলোচনা হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, ট্রাইব্যুনাল স্থানান্তর করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টকে পুরোনো হাইকোর্ট ভবনটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত অংশ) দখল হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘চিঠিটি আজ (মঙ্গলবার) হাতে পেয়েছি।’
গত সোমবার আইন মন্ত্রণালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের মাজারগেট-সংলগ্ন পুরোনো হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্টে বর্তমানে পর্যাপ্ত স্থানাভাবে বিচারপতিগণের প্রয়োজনীয় চেম্বার ও এজলাসের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া, স্থান সংকুলান না হওয়ার কারণে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক চেম্বার বা দপ্তরেরও ব্যবস্থা করা যাচ্ছে না।’
ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সময় আইনমন্ত্রী ছিলেন শফিক আহমেদ। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ‘কী কারণে সরানোর জন্য চিঠি দিয়েছে, এখনো আমি সম্পূর্ণ জানি না। আইন মন্ত্রণালয় নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে যে জায়গায় আছে, সেই ভবনটি সংরক্ষিত। দেশে-বিদেশে সে হিসেবেই পরিচিত। যদি এটি সরাতে হয় তাহলে বিচারকদের, আইনজীবীদের এবং রেকর্ডপত্র যাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে, সে রকম একটি ভবনে স্থানান্তর করা প্রয়োজন বলে আমি মনে করি।’