চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১৯৭১ সালে এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে করা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।চন্দনাইশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মশিউর রহমানের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেন। চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের চেয়ারম্যান আহমদ সৈয়দ চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আবদুস সবুর খানকে হত্যার অভিযোগ আনা হয়।আদালত সূত্র জানায়, সবুরকে হত্যার অভিযোগে গত ২৫ মে চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে মামলা করেন জসিম উদ্দিন চৌধুরী। আদালত ওই দিন ঘটনাটি অনুসন্ধানের জন্য চন্দনাইশ থানার ওসিকে নির্দেশ দেন। জসিম নিহত সবুরের সহযোদ্ধা ছিলেন।আদালত সূত্র আরও জানায়, চন্দনাইশ থানার তৎকালীন ওসি মশিউর গত ১১ নভেম্বর আদালতে অনুসন্ধান প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে উল্লেখ রয়েছে।মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, আহমদ সৈয়দ চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা ছাড়াও সংখ্যালঘুদের ওপর হামলা, ধর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ আছে।কৌঁসুলি নাছির আরও বলেন, একাত্তরের ২৯ নভেম্বর চন্দনাইশের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সবুর খান ও তাঁর সঙ্গীরা মুক্তিযোদ্ধা জসিমের বাড়িতে গোপন বৈঠক করেন। পরে ফেরার পথে শান্তি কমিটির সদস্য আহমদ সৈয়দ চৌধুরীর নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা বশরতনগর রশিদিয়া মাদ্রাসার সামনে তাঁদের পথ আটকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। সবুরের সহযোগী জসিমসহ অন্যরা আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার চার দিন পর শঙ্খ নদে সবুরের লাশ পাওয়া যায়।